আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থীরা প্রচারণায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করছেন—এ অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে দলটির প্রতিনিধিরা এই অভিযোগ উত্থাপন করেন।
সংলাপে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, “বিএনপির দলীয় প্রধান ম্যাডাম খালেদা জিয়ার ছবি ব্যবহারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে, প্রার্থীরা তারেক রহমানের ছবি পোস্টার, লিফলেট, বিলবোর্ডসহ বিভিন্ন প্রচারপত্রে ব্যবহার করছেন। এটি সম্পূর্ণ বিধিমালাবিরোধী।”
তিনি উল্লেখ করেন, নির্বাচনি বিধিমালা অনুযায়ী মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নিজের ছবি, দলীয় প্রতীক এবং দলীয় প্রধানের ছবি ব্যতীত অন্য কোনো ছবি ব্যবহার করতে পারেন না। “আমরা ইসিকে জিজ্ঞেস করেছি—এই নিয়ম বিএনপির ক্ষেত্রেও তারা কতটুকু কঠোরভাবে প্রয়োগ করতে পারবে। এটি ইসির সক্ষমতারও পরীক্ষা,” বলেন তিনি।
জহিরুল ইসলাম মুসা আরও বলেন, যাদের বয়স ভোটের আগে ১৮ বছর পূর্ণ হবে, সেই তরুণ–জেনজিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। “জুলাই গণআন্দোলনে সক্রিয় থাকা তরুণদের ভোটাধিকার নিশ্চিত করাটা এখন প্রয়োজন।”
এনসিপির মুখ্য সমন্বয়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোট নির্বাচন দিবসেই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইসি এখনো প্রস্তুতি দেখাতে পারেনি। তিনি দ্রুত গণভোট আয়োজনের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জোটবদ্ধ হলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীক ব্যবহার করতে হবে। “অন্য দলের প্রতীক ধার করে ভোট করা যাবে না। জোটের প্রার্থী হলেও প্রত্যেককেই তাদের স্বস্ব প্রতীকেই লড়তে হবে।”