জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট রুখতে পারবে না। আওয়ামী লীগের পতন থেকে যদি তারা শিক্ষা না নেয়, তাহলে জনগণ তাদেরও জবাব দেবে।”
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত স্বাস্থ্য সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জিয়া-খালেদা জিয়া মানুষের পালস বুঝেছিলেন বলেই বিএনপি বড় দল হতে পেরেছে। এখনকার নেতারা জনগণের সেই অনুভূতি বুঝতে পারছেন না। তারা যদি জনগণ থেকে বিচ্ছিন্ন থাকেন, তাহলে দল হারিয়ে যাবে। তাই জনতার জন্য ফিরে আসুন।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “জামায়াতে ইসলামীসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের সঙ্গে এনসিপি একাত্মতা প্রকাশ করছে। তাদের ওপর হামলা হলে আমরা চুপ করে বসে থাকব না। জনগণের এই ঐক্যই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগকে ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট। তারা এখন জনবিচ্ছিন্ন, নিজেদের কর্মীদেরই ধরে রাখতে পারছে না। দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই হামলা করা হচ্ছে। কথা বললেই উপদেষ্টারা নাখোশ হন— কিন্তু এতে লাভ নেই, জনগণের দাবি বুঝতে হবে।”
তিনি আরও বলেন, “আগুন সন্ত্রাসে আহতদের পাশে দাঁড়ানো উচিত সব রাজনৈতিক দলের। বিএনপি-জামায়াতের নেতাদের ওপর ফ্যাসিস্ট সরকারের সব ধরনের শাস্তি প্রয়োগ করা হয়েছে। এখন সময় এসেছে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার। একটি বড় প্রজন্ম এখন সংস্কার চায়, পরিবর্তন চায়।”