মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে (৩১)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার একাধিক মামলার আসামি এই সাগরকে গতকাল বুধবার রাতে রাজধানী ঢাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সিগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কারের দাবিতে সারাদেশে চলমান আন্দোলনের অংশ হিসেবে মুন্সিগঞ্জ শহরে কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমাবেশ করেন। সে সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা অস্ত্র ও ককটেল নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়।
হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল নামে তিনজন তরুণ। আহত হন শতাধিক মানুষ। এসব ঘটনার পর ৩টি হত্যা মামলা ও অন্তত ৫টি হত্যাচেষ্টা মামলায় নাম আসে সাজ্জাত হোসেন সাগরসহ কয়েকজনের।
ঘটনার পরদিন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ত্যাগ করেন সাগর। পরে দক্ষিণ কোরিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে তিনি বাংলাদেশে ফেরত আসেন। সম্প্রতি কঠোর গোপনীয়তায় ঢাকায় অবস্থান শুরু করেন তিনি। প্রায় এক মাস ধরে তার গতিবিধি নজরদারিতে রাখে গোয়েন্দা পুলিশ। অবশেষে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাত হোসেন সাগরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। মামলাগুলোর তদন্ত অগ্রগতি ও অন্যান্য আসামিদের অবস্থান সম্পর্কেও নতুন তথ্য পাওয়ার আশা করছে গোয়েন্দা বিভাগ।