দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়া-এ এই সভা অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
সভায় অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এছাড়া রাজধানীর বিভিন্ন কলেজ এবং মহানগরের বিভিন্ন ইউনিটের নেতারাও উপস্থিত থাকবেন।
এ গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি মোকাবিলা এবং সাংগঠনিক অবস্থান সুসংহত করতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।