মোঃ হাচান আল মামুন (দীঘিনালা) প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলার ঐতিহ্যবাহী মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে লঞ্চঘাট সংলগ্ন কাউসার হোটেলের দোতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।
হঠাৎ ছড়িয়ে পড়া আগুন মুহূর্তেই বাজারের বিভিন্ন দোকান ও বসতবাড়িতে ঢুকে পড়ে। প্রচণ্ড তাপদাহে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় স্থানীয় জনসাধারণকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তাদের অক্লান্ত প্রচেষ্টায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে আবুল হোসেনের হোটেল (সাবেক নূর জাহান হোটেল), জসিমের পান-সিগারেটের দোকান, ইবাদতখানা, নিরঞ্জন বড়ুয়ার জনতা হোটেল, শিবু বড়ুয়ার কুলিং কর্ণার ও বাসা, বিপুল বড়ুয়ার দোকান ও বসতঘর, রফিক সওদাগরের দোকান, গিয়াস উদ্দিনের (রাকিব টেলিকম) দোকান, নিপুণ ওয়ার্কশপ এবং মামুন আইসক্রিম ফ্যাক্টরি ভস্মীভূত হয়।
বিশেষ করে দুটি হোটেল, দুটি কুলিং কর্ণার এবং একটি মুদি দোকানের পেছনে অবস্থিত বসতবাড়িগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতির হিসাব জানানো হবে।