তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
হাসনাত তার পোস্টে লিখেন, “আজ বুয়েটের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের ন্যায্য দাবির এই আন্দোলনে এভাবে বলপ্রয়োগ কোনোভাবেই কাম্য নয়।” তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের তিন দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছিল।
এর মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত কয়েক ডজন শিক্ষার্থী আহত হয়েছেন।
উল্লেখ্য, প্রকৌশল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তিন দফা দাবি জানিয়ে আসছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— নবম গ্রেডে ইঞ্জিনিয়ারিং পদে কেবলমাত্র বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ, দশম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ও বিএসসি উভয়ের জন্য সমান সুযোগ এবং বিএসসি ডিগ্রি না থাকলেও ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘ ছয় মাস ধরে তারা দাবি জানিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন। মঙ্গলবার থেকে শাহবাগ এলাকায় অবরোধ ও বিক্ষোভ চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।
হাসনাত আব্দুল্লাহ মনে করেন, শিক্ষার্থীদের দাবিগুলো যুক্তিসঙ্গত এবং এসব দাবির সমাধান টেবিলে বসেই সম্ভব। তিনি বলেন, “যুবসমাজকে দমন করে কখনো গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যায় না। সরকারকে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে।”
এনসিপির এই নেতার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই পুলিশের এমন আচরণকে অযৌক্তিক বলে মন্তব্য করছেন।