আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীর সেনবাগে অনুষ্ঠিত হয়েছে বিএনপির আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের দলীয় কার্যালয়ে জমকালো এই আয়োজনে বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও পৌর নেতাকর্মীদের ভিড় জমে যায়।
সেনবাগ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে
উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কাজী মফিজুর রহমান বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ।
তিনি তাঁর জীবনের সিংহভাগ সময় ব্যয় করেছেন দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায়। নানা ষড়যন্ত্র ও মিথ্যা মামলার মাধ্যমে তাকে বারবার রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা হয়েছে, কিন্তু তিনি জনগণের ভালোবাসায় আজও অবিচল আছেন। আমরা বিশ্বাস করি, তার সুস্থতা ও দীর্ঘায়ু এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অপরিহার্য।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার মারাত্মক হুমকির মুখে। এ পরিস্থিতিতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে। খালেদা জিয়ার জীবন সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা।”
সভায় আরও বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক ওবায়দুল হক, সাবেক যুগ্ম সম্পাদক ভিপি ওমর ফারুক, সাবেক সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম লিটন, বিএনপি নেতা মির্জা সোলায়মান প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।