ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে তাদের বিভাগকে স্বতন্ত্রভাবে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে।
বুধবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল ভাস্কর্যের’ সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষকরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান।
মানববন্ধনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন সুলতানা শিমু বলেন, “আজ আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে মানববন্ধন করছি। বর্তমানে দেশের প্রায় ১৬টি বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ রয়েছে, এবং সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আজ একই দাবিতে কর্মসূচি পালন করছেন। এখনও আমাদের কোনো বিসিএস শিক্ষা ক্যাডার নেই। তাই সরকারের কাছে আমাদের জোরালো দাবি—সব দিক বিবেচনা করে আমাদের বিভাগকে স্বতন্ত্রভাবে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া।”
বিভাগের সহকারী অধ্যাপক তানজিল আহমেদ বলেন, “প্রতিবছর সারাদেশে প্রায় ৬০০-৭০০ শিক্ষার্থী এই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে। কিন্তু তারা স্কুল বা কলেজে শিক্ষকতার সুযোগ পান না, ফলে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারেন না। এতে অনেকেই ক্যারিয়ারে পিছিয়ে পড়ছেন। শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি আমি সংহতি জানাই।”
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে ধরে ছিলেন নানা প্ল্যাকার্ড—যার মধ্যে ছিল, ‘যোগ্যতা আছে, প্রাপ্যতা নাই—লোকপ্রশাসনে অধিকার চাই’, ‘লোকপ্রশাসন শিক্ষা ক্যাডার দাবি নয়, অধিকার’, এবং ‘Transparency, Service, Care—Administration Everywhere’ ইত্যাদি স্লোগান।