রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) ‘শাটডাউন’ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা আসে। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত এই শাটডাউন চলবে।
মিছিল থেকে তারা আরও দাবি করে, বহিরাগতদের প্রবেশ বন্ধ, ফুটপাত দখলমুক্ত করা এবং হাসপাতাল চত্বরে আনসার সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের দাবি—হাসপাতাল যেন আর কোনোভাবে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত না হয়।
একই সময়, হাসপাতালের নিরাপত্তাহীনতার প্রতিবাদে এক দিনের কর্মবিরতিতে গেছে ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলেও চিকিৎসক ও শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তা ছাড়া তারা কাজ করতে রাজি নন।
গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। প্রকাশ্যে এমন নৃশংস খুনের ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এই ঘটনার পর থেকে সারাদেশে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সারা দেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা জানিয়ে দিয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।