নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় কাঠবাগান থেকে এক চাকুরীচ্যুত পুলিশ কর্মকর্তার হাত পা বাধা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে রায়পুরা থানাধীন চান্দের কান্দি ইউনিয়নের বরকান্দা ব্রীজ সংলগ্ন দাইরের পাড় এলাকার কাঠবাগান থেকে জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামে ঐ যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
হাত-পা বাঁধা শরীরে বিভিন্ন স্থানে আঘাত ও হাতে কুপের চিহ্ন দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে আসা রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল জব্বার।
নিহত জুয়েল মাহমুদ পুলিশের একজন উপপরিদর্শক ছিলেন। বর্তমানে তিনি সিআইডি কর্মকর্তা হিসেবে নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন। তবে তিনি সাময়িক বরখাস্ত আছেন বলে জানা যায়। তিনি রায়পুরা উপজেলার বাশগাড়ি ইউনিয়নের দিগলিয়াকান্দি গ্রামের নুরুল আমিন এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে দাইরা পাড় এলাকার কাঠবাগানে হাত-পা বাধা একটি অজ্ঞাত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে রায়পুরা থানায় খবর দিলে ওসি সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। তবে তাৎক্ষণিক কেউ মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি।
পরে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও পিবিআই এর সদস্য বৃন্দ। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় অন্য কোথাও তাকে হত্যা করার পর লাশ এই নির্জন কাঠবাগানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, হাত- পা বাধা নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও পিবিআই। কে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে একযোগে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।