সাংবাদিক ইলিয়াস হোসাইন জানিয়েছেন, বিএনপি যদি পরবর্তী জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসে, তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্বে দেখা যেতে পারে। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রস্তাব দেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বিএনপির উচিত হবে ড. ইউনূসকে বিরোধীপক্ষ না বানিয়ে তাঁর অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে কাজে লাগানো। তার ভাষায়,
“বিএনপি সরকার গঠন করলে ড. ইউনূসকে হাসিনার মতো বিরোধীপক্ষ না বানিয়ে কাজে লাগালে আপনাদের ক্ষতি হবে না। আমার মতে, ড. ইউনূস রাজি থাকলে ওনাকে রাষ্ট্রপতি করে রাখা যেতে পারে।”
এর আগে, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে উভয় পক্ষ সন্তুষ্ট বলে জানায় এবং এক যৌথ বিবৃতিতে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে, বিশেষ করে আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে আলাপ হয়েছে বলেও জানা যায়।
ইলিয়াস হোসাইনের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে এমন এক সময়ে যখন বর্তমান সরকারের ভবিষ্যত কাঠামো ও নেতৃত্ব নিয়ে জনমনে নানা জল্পনা-কল্পনা চলছে।