যুবকদের নতুন বাংলাদেশ বির্নিমাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, হে যুবক এগিয়ে এসো, আমিও তোমাদের সঙ্গে আছি পাকা চুল-দাঁড়ি এবং ভ্রু নিয়ে। দেশ গড়ার মিছিলে আমিও সামনের সারিতে থাকব।
নতুন করে কুরআনের দেশ গড়তে পারে এমন যুবক তৈরির জন্য মা-বোনদের প্রতিও উদাত্ত আহ্বান জানান জামায়াত আমির।
শনিবার সকালে লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
২৪ সালের ৫ আগস্ট যুবকদের ভূমিকার প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, স্যালুট যুবক তোমাদের। তোমাদের জীবনবাজি রেখে লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। তোমরা আবার চিরমুক্তির জন্য জেগে ওঠ।
এবার শপথ নাও আমরা কুরআনের আলোকে গড়বই গড়ব ইনশাআল্লাহ। আমাকেও তোমাদের সঙ্গে চুল পাকা, দাঁড়ি পাকা এক যুবককে পাবা। লড়াইয়ের ময়দানে তোমাদের সঙ্গে আমাকে পাবা। মিছিলের পেছনে নয়, বরং সামনের কাতারে থাকব ইনশাআল্লাহ।
জামায়াত আমির বলেন, আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন। আমাদের যুবকরাই আমাদের বাংলাদেশ। এই যুবকদের হাতে বাংলদেশের দায়িত্ব তুলে দিতে চাই।
হে যুবকেরা তোমরা তৈরি হও। ইনশাআল্লাহ তোমরা পারবে। অতীতে তোমরা পেরেছ, ভবিষ্যতেও পারবে, ইনশাআল্লাহ। আমরা তোমাদের বুকে আলিঙ্গন করে কপালে চুমু দিয়ে এগিয়ে দেব ইনশাআল্লাহ।