বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবারও ফিরে আসার স্বপ্ন দেখছে শেখ হাসিনার দোসররা। সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে এই পরিস্থিতি বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী রিকশা চালক মামুনের জন্য ‘আমরা বিএনপি’ পরিবারের পক্ষ থেকে আর্থিক সহয়তা অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, যারা ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে না। বিভিন্ন জায়গায় মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম দিচ্ছে।
রাষ্ট্র বাদী হয়ে কেন ছাত্র জনতার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না- এমন প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা। পুতুল জয়ের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন, বিনিময় প্রতিষ্ঠান, এসবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন বিএনপির এই সিনিয়র নেতা।