বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

ক্যাম্পাস সংস্কার বাদ দিয়ে ফ্যাসিবাদ পুনর্বাসনে ব্যস্ত পবিপ্রবি প্রশাসন

বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সংকটে ছাত্রছাত্রীদের পোহাতে হয় সীমাহীন ভোগান্তি, আবাসন ব্যবস্থার রয়েছে করুণ অবস্থা, হলের ক্যান্টিন ও টিএসসি নিয়ে নেই অভিযোগের অন্ত। বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের সড়ক সংস্কারের দাবি থাকলেও তা নিয়ে নেই কার্যকরী উদ্যোগ। বিগত আমলে ভেঙ্গে ফেলা বিশ্ববিদ্যালয় স্কয়ারের পুনঃস্থাপনের দাবি বার বার উঠলেও যৌক্তিক এসব সংস্কার বাদ দিয়ে যেন বিগত আওয়ামী প্রশাসনের পুনর্বাসনে […]

নিউজ ডেস্ক

১৩ জানুয়ারী ২০২৫, ২০:৫৮

বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সংকটে ছাত্রছাত্রীদের পোহাতে হয় সীমাহীন ভোগান্তি, আবাসন ব্যবস্থার রয়েছে করুণ অবস্থা, হলের ক্যান্টিন ও টিএসসি নিয়ে নেই অভিযোগের অন্ত। বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের সড়ক সংস্কারের দাবি থাকলেও তা নিয়ে নেই কার্যকরী উদ্যোগ। বিগত আমলে ভেঙ্গে ফেলা বিশ্ববিদ্যালয় স্কয়ারের পুনঃস্থাপনের দাবি বার বার উঠলেও যৌক্তিক এসব সংস্কার বাদ দিয়ে যেন বিগত আওয়ামী প্রশাসনের পুনর্বাসনে ব্যস্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব্য প্রশাসন। যা নিয়ে ইতোমধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মাঝে।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের জ্যেষ্ঠ শিক্ষক এবং আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো: জামাল হোসেনসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগ রয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এ প্রশাসন বিতর্কিত কর্মকর্তা শামসুল হক রাসেলকে চাকুরিতে পুনর্বাসন করে এ বিতর্ককে ভিন্ন মাত্রা দিয়েছে। ৫ আগষ্ট পরবর্তী সময়ে ‘জুলাই বিপ্লব’ নিয়ে এ সকল শিক্ষকরা শিক্ষার্থী এবং কর্মকর্তাদের সামনে বিভিন্ন প্রেরণামূলক বক্তব্য দিলেও বর্তমানে তাদের এমন বিতর্কিত কর্মকান্ডে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মাঝে কিছুটা হতাশার সৃষ্টি করেছে।

 

এর আগে আওয়ামী আমলে বহিষ্কৃত হওয়া শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক এম এম মেহেদী হাসানকে পুনর্বাসিত করে এ প্রশাসন। অনুসন্ধানে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক জামাল হোসেনের একক সুপারিশে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও অধ্যাপক মেহেদী হাসানের বহিষ্কারাদেশ গত ১৫ আগস্টে তুলে নেয় প্রশাসন। শুধু তাই-ই নয় মেহেদী হাসানের বিষয়টি আদালতে উত্থাপিত হলে তৎকালীন সময়ে অধ্যাপক জামাল হোসেন ‘আদালতে শুনানির সাথে জড়িত’ সন্দেহে মেহেদী হাসানের পক্ষ হয়ে ক্যাম্পাসের কয়েকজন শিক্ষকের সাথে উচ্চবাচ্য করেন যা প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র নিশ্চিত করে।

 

শিক্ষার্থীদের জিম্মি করা, নিয়োগে অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বিধিমালা ভঙ্গসহ একাধিক অভিযোগ রয়েছে অধ্যাপক মেহেদীর বিরুদ্ধে। এমনকি বিগত আওয়ামী লীগের আমলে দলীয় পরিচয়ে বেশ দাপটের সাথে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের হেনস্তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্নাতকে ২.৯৫ সিজিপিএ পাওয়া এ শিক্ষক নিয়োগের যোগ্যতা পূরন না করেও দলীয় প্রভাব কাজে লাগিয়ে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ে। পদোন্নতির শর্ত পূরন না করেই নিয়েছেন একের পর এক প্রমোশন। তার বিরুদ্ধে ২০২৩ সালের জুন মাসে আনিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সমূহের তদন্তে সত্যতা পায় দায়িত্বপ্রাপ্ত তদন্ত কমিটি যা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে নিশ্চিত করা হয়। এতো কিছুর পরও বিপ্লব পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষক অধ্যাপক জামাল হোসেনের একনিষ্ঠ ব্যক্তি হওয়ায় অধ্যাপক মেহেদীকে শাস্তির বদলে উল্টো তার জন্য তিনি সুপারিশ করেন ও সাময়িক বহিষ্কারাদেশ বাতিল করা হয়। পরবর্তীতে বরখাস্ত থাকাকালীন তার বেতন ভাতাদি প্রদান করার আদেশ জারি করা হলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের জোর আপত্তিতে গত ১২ ডিসেম্বর উক্ত প্রতিকল্পাদেশটি বাতিল করা হয়।

 

শুধু আওয়ামী পুনর্বাসনই নয়, জুলাই গণ-অভ্যুত্থানে সরাসরি বাধাদানকারী দেশব্যাপী বিতর্কিত শিক্ষক ড. সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে বরং তাকে ছুটি দিয়ে তার দায় থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেয় উপাচার্য রফিকুল ইসলাম প্রশাসন। জুলাই বিপ্লবের সময়কালে ‘৫ হাজার মানুষ মারা লাগলেও সরকার চিন্তা করবে না’ এমন বিতর্কিত মন্তব্য করে শিক্ষার্থীদের হল থেকে জোরপূর্বক বের করে দেন তৎকালীন এ রেজিস্ট্রার। এমনকি সে সময়ে তিনি শিক্ষার্থীদের দিকে আপত্তিকর শব্দচয়ন করেন। যাতে করে সেসময় তিনি দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত হন। তাছাড়া আওয়ামী পরিচয়ে প্রতাপশালী এই শিক্ষক রেজিস্ট্রার-প্রক্টরসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ নিজের কাছে পুঞ্জীভূত করে রাখেন। তদানীন্তন সময়ে একটি জাতীয় দৈনিকে তার এ বিষয়টি উঠে আসলে তিনি ব্যাপকভাবে সমালোচিত হন। পাশাপাশি তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সময়ে দূর্ব্যবহার, গ্রুপিংসহ একাধিক অভিযোগ উঠে আসে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে নবনিযুক্ত উপাচার্যের বিতর্কিত এ শিক্ষককে ছুটি দিয়ে দায়মুক্তি দেওয়ার বিষয়টি নিয়ে গত নভেম্বর মাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। পরবর্তীতে শিক্ষকদের ব্যাপক আপত্তির মুখে এ সিদ্ধান্ত থেকেও সরে আসে প্রশাসন।

 

সব কিছু ছাপিয়ে গত ডিসেম্বরে ফ্যাসিবাদ পুনর্বাসনে সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছে পবিপ্রবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত কর্মকর্তা পিও-টু প্রোভিসি শামসুল হক রাসেলের সাময়িক বহিষ্কার আদেশ তুলে দেয় প্রশাসন। যার বিরুদ্ধে আওয়ামী প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষককে হেনস্থা, হত্যার হুমকি, বিশ্ববিদ্যালয়ের কোষাগার থেকে অতিরিক্ত অর্থ উত্তোলনসহ রয়েছে একাধিক অভিযোগ। সর্বশেষ তাকে অসদাচরণের অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ৪ মার্চ চাকুরি থেকে বরখাস্ত করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে এক শিক্ষককে হেনস্থা করার ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটি। বিশ্ববদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান তার এ বহিষ্কারাদেশ তুলে দিতে মূখ্য ভূমিকা পালন করেন বলে নিশ্চিত করেছে প্রশাসনের একাধিক সূত্র। এর আগে গত আগস্ট মাসে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের মাধ্যমে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের উদ্যোগে তার বহিষ্কার আদেশ বাতিল করা হলেও সেসময় শিক্ষকদের তীব্র আপত্তির মুখে কার্যকর করা হয়নি। কিন্ত ৪ মাস পর এসে সে সিদ্ধান্ত পুনর্বহাল করায় ক্ষোভ সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মাঝে। অথচ রাসেলের অসদাচরণে তার বিচারের দাবিতেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দিনের পর দিন লাগাতার আন্দোলন করেছিলো। কিন্ত জুলাই বিপ্লবের পর এ কর্মকর্তার এমন পুনর্বাসন হতবাক করেছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের।

 

এ বিষয়ে জিজ্ঞেস করা হলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান জানান, “এ বিষয়ে আগের প্রশাসন (আগস্ট মাসে) রিজেন্ট বোর্ডেই সিদ্ধান্ত নিয়েছে। সে কারনে তাকে বাধা দেওয়ার অধিকার আমাদের নেই। তবে তার অতীত অপরাধের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান আছে, সেখানে অপরাধ প্রমাণিত হলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনবে প্রশাসন”।

তাহলে গত ৪ মাস কেন তার যোগদানের প্রতিকল্পাদেশ দেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এতোদিন না দেওয়ার চেষ্টা করেছি তবে এখন দেখছি না দিলে আমরা আইনি জটিলতায় পড়তে পারি তাই আইনের প্রতি সম্মান জানাতেই ৪ মাস পর হলেও আমরা প্রতিকল্পাদেশটি দিয়েছি। তবে কোন ধরনের সুপারিশে এমনটা করা হয়নি”।

বিশ্ববিদ্যালয়ের সাবেক আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক জামাল হোসেনকে অধ্যাপক মেহেদী হাসানের পুনঃর্বহালের বিষয়ে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও যথাযথ কতৃপক্ষই ভালো বলতে পারবেন।”

এ সময় তাকে সুপারিশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মুঠোফোনে এসকল বিষয়ে কথা বলতে রাজি হননি এবং পরে সামনাসামনি কথা বলবেন জানিয়ে ফোন রেখে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বিগত সরকারের আমলে অনেকে প্রশাসনের রোষানলে পড়ে চাকরি হারিয়েছেন। কিন্ত সেসকল বঞ্চিতদের চাকরি ফেরত দেওয়ার আগেই এদের বহিষ্কারাদেশ বাতিল করে কিভাবে চাকুরিতে পুনর্বহাল করা হলো সেটা আমারও প্রশ্ন এবং আমিও এগুলো নিয়ে উপ-উপাচার্যকে জিজ্ঞেস করেছি”

তিনি আরও বলেন, “যাদের নিয়ে অভিযোগ তাদের বিষয়ে বিষয়ে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত আছে। তবে সেসময় অধ্যাপক জামাল ও অধ্যাপক হেমায়েত রিজেন্ট বোর্ডসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক দায়িত্বে ছিলেন। আমি যেহেতু জুলাই বিপ্লবের ২ মাস পরে এসেছি ওনারাই সেগুলো ভালো বলতে পারবেন কি করে এগুলো হলো”।

শিক্ষাঙ্গন

নিঃশর্ত ক্ষমা চেয়ে ডাকসু থেকে পদত্যাগ করলেন সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে যাওয়া প্রায় ২৫–৩০ জন কিশোর-তরুণকে কানে ধরে উঠবস করানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-২ নামে ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে […]

নিউজ ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৬, ১৫:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে যাওয়া প্রায় ২৫–৩০ জন কিশোর-তরুণকে কানে ধরে উঠবস করানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-২ নামে ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে এমন তথ্য জানিয়েছেন সর্বমিত্র নিজেই। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেসিয়ামে শিক্ষার্থীদের কান ধরে ওঠবস করানোর জন্য ক্ষমাও চেয়েছেন।

পোস্টে সর্বমিত্র লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। বহিরাগত ব্যক্তিদের দ্বারা প্রায় নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনা ঘটে , মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে। এসব ঘটনা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপদ পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে।

তিনি বলেন, উদ্বেগজনক বিষয় হলো, এই পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে অবগত করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শারীরিক শিক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি, নিরাপত্তা জোরদার করা হয়নি, এমনকি বহিরাগতদের প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই দীর্ঘস্থায়ী নীরবতা ও অসহযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তার অভিযোগ, বহিরাগতরা নিয়মিতভাবে ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে প্রবেশ করে। তাদের একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা তা অগ্রাহ্য করেছে। নিষেধ করতে গেলে তারা উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পালিয়ে যায়—যা একটি চরম নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত বহন করে। এমন বাস্তবতায় শিক্ষার্থীরা বারবার অভিযোগ জানালেও কার্যকর সমাধান না আসায় ক্ষোভ ও আতঙ্ক ক্রমেই বাড়তে থাকে।

প্রশাসনিক ব্যর্থতা উল্লেখ করে সর্বমিত্র বলেন, এই প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তাদের কান ধরে উঠবস করাতে বাধ্য হই। এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি—এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।

সর্বশেষ পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, একই সাথে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ হতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত , কারো প্রতি ক্ষুব্ধ বা অভিমানবশত নয়। আমি মনে করি, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন , আমি সে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। প্রশাসনের অসহযোগিতা এবং ব্যর্থতার দায় মাথায় নিয়ে, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

শিক্ষাঙ্গন

হাদিকে জংলি আখ্যা দেওয়া ইবি শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রীদের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘জংলি’ বলে কটূক্তি করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেনের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান। শিক্ষার্থীরা জানান, গতকাল দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার […]

হাদিকে জংলি আখ্যা দেওয়া ইবি শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রীদের

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৫, ২২:০৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘জংলি’ বলে কটূক্তি করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেনের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, গতকাল দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলার ঘটনার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অধ্যাপক আলতাফ হোসেন শরিফ ওসমান হাদিকে কটূক্তিমূলকভাবে ‘জংলি’ আখ্যা দেন।

ওই পোস্টে তিনি রাজনৈতিক সহিংসতা ও গণমাধ্যমে হামলার ঘটনাগুলোর সঙ্গে হাদির নাম জড়িয়ে মন্তব্য করেন, যা শিক্ষার্থীদের মতে চরম অবমাননাকর ও উসকানিমূলক।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এতে লেখা ছিল—‘হাদিকে যিনি জংলি বলেন, তিনি নিজেই জঞ্জাল’, ‘আপনি জংলি কাকে বলেন? জুলাই যোদ্ধাকে?’, ‘হাদি ভাইয়ের মতো আমরা সবাই জংলি, এই জঙ্গলে আমরা এমন শিক্ষক চাই না’—ইত্যাদি।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—অধ্যাপক আলতাফ হোসেনের স্থায়ী বহিষ্কার নিশ্চিত করা, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার, বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষকদের অপতৎপরতা বন্ধ ও জবাবদিহি নিশ্চিত করা,

ভবিষ্যতে কোনো শিক্ষক বা কর্মচারীর এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা এবং শহীদ আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদির নামে হল বা স্থাপনার নামকরণ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা একজন বিপ্লবীকে ‘জংলি’ বলা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং দেশের জন্য আত্মত্যাগ ও জাতির সম্মানকে অপমান করার শামিল। তারা দাবি করেন, যিনি জাতির বিবেক গঠনের দায়িত্বে আছেন, তাঁর কাছ থেকে এমন ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে ক্যাম্পাসে আবারও ফ্যাসিবাদী মানসিকতা মাথাচাড়া দিতে পারে।

উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষক আলতাফ হোসেন বর্তমানে স্কটল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

শিক্ষাঙ্গন

নাফিউল করিম হত্যাকারীর বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের মানববন্ধন

সানজিদা খানম উর্মি, গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসী বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী নাফিউল করিম সোহান (২৩) হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর)  দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে শুরু করে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইলে ‘জ্ঞানের প্রবেশদ্বার’ সংলগ্ন গেইটের সামনে অবস্থান করে মানববন্ধন পালন করেন […]

প্রতিনিধি ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩৬

সানজিদা খানম উর্মি, গবি প্রতিনিধি:

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসী বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী নাফিউল করিম সোহান (২৩) হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর)  দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে শুরু করে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইলে ‘জ্ঞানের প্রবেশদ্বার’ সংলগ্ন গেইটের সামনে অবস্থান করে মানববন্ধন পালন করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘নাফিউল হত্যার বিচার চাই, ঘাতকদের ফাঁসি চাই’, ‘ঘাতকদের গ্রেফতার করো, ন্যায় বিচার নিশ্চিত করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ স্লোগান দিতে থাকেন।

বিচারের দাবি জানিয়ে নাফিউলের সহপাঠী শফিকুল ইসলাম শিপন বলেন, ‘আমার বন্ধুকে বারবার হুমকি দেওয়া হয়েছিল, আর আজ সেই নির্মম হত্যাকাণ্ডে আমরা ছাত্র সমাজ শোকাহত ও ক্ষুব্ধ। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পুলিশ ও প্রশাসনের তালবাহানা আমরা মেনে নেব না। নাফিউলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না হলে আন্দোলনে যেতে বাধ্য হব। সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজন হলে আমরা ঢাকা–আরিচা মহাসড়ক থেকে পাবনা কোর্ট পর্যন্ত যাব।’

ফার্মেসী বিভাগের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রহিম বলেন, ‘নাফিউল করিমকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, যা আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আরও উদ্বেগের বিষয়—এই হত্যাকাণ্ডকে তাঁর কাকা, কাকাতো ভাই ও ভাতিজাবউ গোপন করার চেষ্টা করেছেন। নাফিউলের পরিবার বাড়তি অভিযোগ দিয়েছে এবং মামলা তুলতে তাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনকে জানাতে চাই,

আগামী ৭ কর্মদিবসের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় না আনা হলে গণ বিশ্ববিদ্যালয় ও ছাত্র সমাজ কঠোর অবস্থানে যাবে। আমরা দাবি করি, অভিযুক্তদের গ্রেপ্তার করে সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক। পাশাপাশি নাফিউলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ড. মোছা: রোজিনা পারুল বলেন, ‘নাফিউলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মাত্র ছয় মাসের মাথায় আমরা আমাদের বিভাগের এক মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ফার্মেসি বিভাগের পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি—এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, ‘আমরা গভীরভাবে মর্মাহত, কারণ আমরা আমাদের একজন কৃতী ছাত্রকে হারিয়েছি। এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের সর্বোচ্চ শাস্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে জোর দাবি জানাই। তার পরিবারের কাছ থেকে আমরা আরও জেনেছি যে,

অভিযুক্তদের গ্রেপ্তারে প্রশাসনের গড়িমসি চলছে। তাই প্রয়োজন হলে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি জিডি করার উদ্যোগ নেব, যাতে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান, ফার্মেসী বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত নাফিউল করিম সোহান পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের রেজাউল করিম-নাসিমা আক্তার দম্পতির সন্তান। তিনি গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র ছিলেন।