আইনের অপব্যাখ্যার মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বিদ্যুৎ উৎপাদন কোম্পানি সামিট পাওয়ারকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিধিবহির্র্ভূত সুবিধা দেয়ায় এক হাজার ১১২ কোটি টাকা আয়কর গচ্চা গেছে।
এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) তদন্তে বিধিবহির্ভূতভাবে এই সুবিধা দেয়ার বিষয়টি উঠে এসেছে। তৎকালীন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চাপে প্রতিষ্ঠানটিকে কর রেয়াত সুবিধা দিতে আদেশ জারি করতে বাধ্য হন আয়কর কর্মকর্তারা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লভ্যাংশের ওপর উৎসে কর ফাঁকি এবং এর ফলে আরোপিত জরিমানার অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১১২ কোটি ৮০ লাখ টাকা। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) অনুসন্ধানে এই কর ফাঁকির বিষয়টি উঠে এসেছে। আয়কর আইন অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত বিদেশি কোনো কোম্পানিকে লভ্যাংশ উদ্ভূত হলে তার ওপর উৎসে কর কর্তন করতে হয়।
সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্যমতে, সামিট পাওয়ার লিমিটেডের ৬৩ দশমিক ১৯ শতাংশ মালিকানা রয়েছে সামিট করপোরেশন লিমিটেডের কাছে। বাকি ৩৬ দশমিক ৮১ শতাংশ মালিকানা রয়েছে অন্য কোম্পানি এবং সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে।
আয়কর আইন, ২০২৩-এর ১১৭ ধারামতে, বাংলাদেশে নিবন্ধিত কোনো কোম্পানি বা অন্য কোনো কোম্পানির লভ্যাংশ প্রদানের সময় উৎসে কর কাটার নিয়ম রয়েছে।
সামিট পাওয়ার লিমিটেড লভ্যাংশ দেওয়ার সময় সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কেটে নিয়েছে। কিন্তু একই গ্রুপের প্রতিষ্ঠান সামিট করপোরেশন লিমিটেডকে লভ্যাংশ দেওয়ার সময় উৎসে কর কাটেনি। অথচ ওই প্রতিষ্ঠানই সামিট পাওয়ারের সর্বোচ্চ শেয়ারধারী। এর মানে সবচেয়ে বেশি কর ফাঁকি দিয়ে মুনাফা নিয়েছে।
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৭ ধারা এবং আয়কর আইন, ২০২৩ এর ১৪৩ ধারায় নির্দিষ্ট উৎসে কর না কাটার অপরাধে কোম্পানিকে নতুন করে ১৪৬ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ, শুধু উৎসে কর না কেটে নেওয়ায় সামিট পাওয়ারকে ৪৬৫ কোটি ৭ লাখ ৭৮ হাজার ৮১৫ টাকা সরকারকে দিতে হবে।
শুধু সামিট পাওয়ার নয়, একই গ্রুপের আরেক প্রতিষ্ঠান সামিট করপোরেশনও কর ফাঁকি দিয়েছে। এনবিআর সূত্র জানায়, সামিট করপোরেশনের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিক সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড। তিনটি কোম্পানিই সামিট গ্রুপের প্রতিষ্ঠান। সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরভিত্তিক অনিবাসী কোম্পানি।
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৮(৩) এবং আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৭(ঘ) অনুযায়ী, বাংলাদেশের কোনো কোম্পানি থেকে দেশের বাইরে পরিশোধ করা কোনো লভ্যাংশ বাংলাদেশে অর্জিত বলে গণ্য হবে।