ধর্ম মন্ত্রণালয় দুটি লাইসেন্সবিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।
রোববার (৮ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ ও ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’ নামে দুটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জননিরাপত্তা বিভাগকে একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এই দুটি এজেন্সি ফেসবুক পেজ খুলে হজযাত্রীদের প্রতারণা করছে। তারা নানা ধরনের বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে নিরীহ হজযাত্রীদের ফাঁদে ফেলছে। তারা হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ লঙ্ঘন করে অবৈধভাবে গ্রুপ তৈরি করছে, যা আইনত নিষিদ্ধ।
এছাড়া, ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ এবং ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’ ২০২৫ সালের হজে বৈধ এজেন্সি হিসেবে তালিকাভুক্ত না থেকেও তাদের গ্রুপের মাধ্যমে হজযাত্রী সংগ্রহ করছে। তারা হজযাত্রীদের জন্য ৫ লাখ ৩ হাজার টাকায় হারাম শরীফের কাছাকাছি হোটেলে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছে। তারা ২০ হাজার টাকা ক্যাশব্যাক এবং উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছে।
এই গ্রুপের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং এতে হজযাত্রীদের বড় ধরনের প্রতারণার আশঙ্কা রয়েছে, তাই ধর্ম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের অফিস বন্ধ করতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।