মো: হোসেন, মনপুরা (ভোলা)প্রতিনিধি।
আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দ্বীপ উপজেলা মনপুরায় একদিনের শুভেচ্ছা সফরে আসছেন ভোলা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এমপির এই আগমনকে কেন্দ্র করে জনপদজুড়ে বইছে আনন্দের জোয়ার, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে মেঠোপথ থেকে শুরু করে প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলো।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় চরফ্যাশন থেকে নদীপথে মনপুরা জনতা বাজারে নামবেন তিনি। সেখানে অপেক্ষমাণ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন।
এরপর বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা জানানো হবে।
মধ্যাহ্নে দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সভায় মনপুরার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং আগামীর টেকসই উন্নয়নের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
সফর শেষে বিকেল ২টায় হাজিরহাট ঘাট হয়ে তিনি পুনরায় চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা দিবেন।
নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করতে মনপুরায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে দ্বীপের নদী ভাঙন রোধ ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমপির এই শুভেচ্ছা সফর জনগণের সাথে তাঁর সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করবে।