নাটোর প্রতিনিধিঃ নাটোরে একটি হত্যা মামলা চেষ্টায় ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা করার অপরাধে বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ( ৫ মে) নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জাজ) মুহাম্মদ রফিকুল ইসলাম এই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বখতিয়ার হোসেনকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ওই শিশুটি আইনজীবীর হাত ধরে গুরুদাসপুর থানায় হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা করে দেখেন বাদী মামলার এজাহারে ওই আসামীর বয়স ২১ উল্লেখ করেছেন। অথচ জন্ম নিবন্ধন সনদে ঘটনার তারিখে আসামীর বয়স ছিল ৭ বছর।
আসামী শিশুটি গুরুদাসপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষার্থী। আদালত এ বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে শিশুটিকে জামিন মন্জুর করেছেন।
বাদী বয়স নিয়ে মামলায় মিথ্যার আশ্রয় নেওয়ায় তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ প্রদান করেন।