মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজী নির্মূল, অনলাইন জুয়া ও সব ধরনের জুয়া বন্ধ, অস্ত্রধারী সন্ত্রাস দমন এবং ছিনতাই প্রতিরোধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২ মে ২০২৬) বিকেল ৪টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় পুলিশ কমিশনার গাজীপুর মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। তিনি মাদক, চাঁদাবাজী, অনলাইন জুয়া এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জনসেবামুখী পুলিশিং জোরদার করতে হবে এবং প্রতিটি ইউনিটকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে, যাতে নাগরিকরা নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে বসবাস করতে পারে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।