মো: হোসেন, মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় উত্তাল মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন ১২ যাত্রী। মাঝনদীতে ভাসতে থাকা একটি যাত্রীবাহী বোটসহ তাঁদের জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
রোববার (৩ মে) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে এই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর আনুমানিক ৩টার দিকে ১২ জন যাত্রী নিয়ে একটি কাঠের বোট মনপুরা থেকে রওনা হয়। যাত্রাপথে মেঘনার মাঝনদীতে পৌঁছালে আকস্মিক প্রবল বাতাসের কবলে পড়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণহীন বোটটি উত্তাল ঢেউয়ের তোড়ে ভাসতে থাকলে যাত্রীরা চরম আতঙ্কিত হয়ে পড়েন।
জীবন বাঁচাতে এক যাত্রী তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল করে সাহায্যের আবেদন জানান।
জরুরি বার্তা পাওয়ার পরপরই বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মনপুরা আউটপোস্টের একটি উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রবল ঢেউ মোকাবিলা করে মাঝনদী থেকে বিপন্ন যাত্রীসহ বোটটিকে উদ্ধার করে তারা। পরে উদ্ধারকৃতদের নিরাপদে মনপুরার হাজিরহাট সংলগ্ন ঘাটে পৌঁছে দেওয়া হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ামাত্রই আমাদের টিম দ্রুত ব্যবস্থা নিয়েছে। বৈরী আবহাওয়া সত্ত্বেও ১২ জন যাত্রীকে আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। জনগণের জানমালের নিরাপত্তায় কোস্টগার্ড সবসময়ই এমন তৎপরতা অব্যাহত রাখব।
বিপদসংকুল মুহূর্তে কোস্টগার্ডের এমন সাহসিকতা ও জাতীয় জরুরি সেবার (৯৯৯) কার্যকারিতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধার হওয়া যাত্রীদের পরিবার।