নেত্রকোনা প্রতিনিধি :
জনপ্রশাসন ও ভূমি প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, সরকার ধানের মূল্য নির্ধারণ করেছে। কৃষকরা যেন সঠিকভাবে এর মূল্য পায়, সে জন্য ধান সংগ্রহের টাকা কৃষকদেরকে ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে। এ নিয়ে কোন মধ্যসত্ত্বভোগী থাকবে না।
রবিবার সন্ধ্যায় নেত্রকোনায় মোক্তারপাড়া পাবলিক হলে খাদ্য মন্ত্রনালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে ধান সংগ্রহ উদ্বোধন কালে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চাল সংগ্রহের সময় ছিল চলতি মাসের ১৫ তারিখ। সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে, তলিয়ে গেছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী চাল সংগ্রহের সময় এগিয়ে নিয়ে এসেছেন। যাতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায়।
হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনের ব্যাপারে প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের একটি প্যাকেজ ঘোষণা করেছেন। প্রয়োজনে এটি আরো বৃদ্ধি করা হতে পারে।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলো প্রত্যেকটি গ্রামীণ অর্থনীতিতে সচ্ছলতা অবকাঠামো উন্নয়ন ও নিন্ম আয়ের মানুষের ন্যূনতম প্রয়োজন রাষ্ট্র মেটাতে পারে সে ক্ষেত্রে ভূমিকা রাখবে। আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক ধরনের পোশাকের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে নেত্রকোনার-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডাক্তার মোঃ আনোয়ারুল হক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান ও নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
উল্লেখ্য, জেলায় বোরো মৌসুমে ২০হাজার ৪১৫মেট্রিক টন সংগ্রহ করবে সরকার।