ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল থেকে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নানান স্লোগানে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ভিড় জমাতে থাকে হাজারো শ্রমিকেরা।
আজ সকাল দশটার দিকে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদ্বোধন করেন নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এতে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ধামইরহাট এবং পত্নীতলা উপজেলায় শ্রমিক ভাইদের অনেক সমস্যা রয়েছে যা আমি অবগত আছি। বিশেষ করে পুলিশের কোন গাড়ি না থাকায় এবং সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে তাঁদেরকে আপনাদের গাড়ি ব্যবহার করতে হয়।
একারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দিয়েছি। যাতে করে দুইটি থানায় দুইটি দুইটি করে চারটি গাড়ি দেওয়া হয়। গাড়িগুলো পেলে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিশেষ করে শ্রমিক বিভাগের ইজি পাওয়ার ভাইদের সমস্যা অনেকটা লাঘব হবে।
আলোচনা সভার এক পর্যায়ে ধামইরহাট উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর নিমতলী মোড় হয়ে আমায়তাড়া বাজার থেকে পুনরায় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এসময় শ্রমিকেরা গলায় গামছা বেঁধে তাঁদের অধিকার আদায়সহ নানান স্লোগান লিখে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজের নেতৃত্বে উপজেলা প্রশাসনের ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও পৃথকভাবে উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, মৎস্যজীবী, ফার্নিচার ও উপজেলা শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ব্যানারে দিবসটি উদযাপন করতে দেখা যায়।
এসময় জেলা শাখা জামায়াতে ইসলামীর সহ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মারুফ আহম্মেদ, জেলা শাখা ওলামা বিভাগের সভাপতি একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা শাখার আমির কামরুজ্জামান জুয়েল, ধামইরহাট শাখা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।