সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, একেবারে তলাবিহীন ঝুড়ির মতো একটি অর্থনীতি নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে।
তিনি দাবি করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে অফিসিয়ালি ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে এবং অনানুষ্ঠানিকভাবে আরও ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
আজ শুক্রবার (১ মে) বিকেলে সখীপুর পৌরসভার তালতলা চত্বরে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমরা কোনো ধরনের দুর্নীতিতে জড়াবো না এবং আমাদের সরকারের আমলে কোনো টাকা পাচার হতে দেওয়া হবে না।
তিনি জানান, আগের সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আগামী বছরের মধ্যেই দেশের অর্থনীতির দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।