ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নকল দুধ তৈরির বিপুল পরিমান উপকরণ ধ্বংস করা হয়েছে| গোপন সূত্রে খবর পেয়ে আজ রবিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভাঙ্গুড়া হাসপাতাল এলাকার কুঠিপাড়ায় অভিযান পরিচালনা করে নকল দুধ তৈরির বিপুল পরিমান উপকরণ জব্দ করেন। এগুলোর মধ্যে ৬শ কেজি গ্লুকোজ জেলি, সরবিটাল ৫০ লিটার ও গ্লিসারিন ২শ লিটার ধ্বংস করা হয়েছে |
ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই সুব্রত সাহা জানান, উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের আবু তালেবের ছেলে আবুল বাশার ও ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে জিসানের নামে জনতা ট্রান্সপোর্টে ঐ মালামাল আনা হয়| বাশার ও জিসান দু’জনই তাদের কারখানায় নকল দুধ তৈরি করেন বলে অভিযোগ রয়েছে| পূর্বে তাদের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাও করা হয়|
এরপর তৎপর হয়ে ওঠেন নকল দুধ তৈরির বিরুদ্ধে সোচ্চার হওয়া দুগ্ধ ব্যবসায়ীরা| তারাই দুপুরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান| পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ২০০৯ এর ১২(২) ও ১২(৩) ধারা এবং ফৌ:কা:বি: ১০৩ ধারা বিধান অনুসরণে জব্দকৃত মালামাল ধ্বংসের আদেশ দেন| এ সময় উপজেলা লাইভস্টক অফিসার ডা: রুমানা আক্তার ও ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা তাকে সহায়তা করেন|
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, উপজেলায় বেশ কিছু নকল দুধের কারখানা রয়েছে| সেগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে| এর ধারাবাহিকতায় দুগ্ধ ব্যবসায়ী আবুল বাশার ও জিসানের অপতৎপরতার প্রতি তারা নজর রাখছিলেন| গোপন সংবাদের ভিত্তিতে রবিবার জনতা ট্রান্সপোর্টে তাদের নামে আনা ভেজাল বা নকল দুধ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়েছে| ঘটনার সময় মালিকদের কেউ উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়নি| তবে লাইভস্টক বিভাগকে
দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে|