মৌলভীবাজারের মৌলভীবাজার সরকারি কলেজ-এ চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিরল সৌহার্দ্যের নজির স্থাপন করেছে দুই ছাত্রসংগঠন। অনার্স ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সহায়তায় পৃথক তথ্যকেন্দ্র স্থাপন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
পরীক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। প্রথমে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের তথ্যকেন্দ্রে গিয়ে পানি ও কলম উপহার দেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরাও শিবিরের তথ্যকেন্দ্রে কেক নিয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা একে অপরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিক্ষার্থীদের সহযোগিতায় সমন্বিত মনোভাব প্রদর্শন করেন। দেশে সাম্প্রতিক সময়ে ছাত্রসংগঠনগুলোর মধ্যে টানাপোড়েনের প্রেক্ষাপটে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিক্ষার্থীদের কল্যাণে একসঙ্গে কাজ করার এই উদ্যোগ ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।