নীলফামারীর জলঢাকায় বজ্রাঘাতে লাবলু হোসেন (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক উপজেলার কাঠালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে। এ সময় আহত হয়েছে ভ্যানে থাকা স্কুল শিক্ষক আখতারুজ্জামান।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার খালিসা খুটামারা থেকে দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামানকে (৩৮) অটো ভ্যানে করে স্কুলে নেয়ার সময় আকস্মিকভাবে বৃষ্টি ও বজ্রাঘাতে ঘটনাস্থলে নিহত হয় ভ্যান চালক লাবলু।
এসময় শিক্ষক আক্তারুজ্জামানের বুকের ডান পার্শ্বে পুড়ে যায়। আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেকে) পাঠানো হয়। স্থানীয়রা নিহত লাবলুর লাশ উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যায়।
এ ব্যাপারে জলঢাকা থানার (ওসি) নাজমুল আলম জনান, নিহতের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।