মাসুম হোসেন , (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি। সকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে একযোগে জেলার ১৪টি স্থায়ী টিকাকেন্দ্রে ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদানের বিকল্প নেই। হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তিনি জানান, প্রথম ধাপে কমিউনিটি ও স্কুল পর্যায়ে মোট ৩ লাখ ৯৪ হাজার ৩৯৬ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
এজন্য জেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।