মাহিনুর ইসলাম , বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৮টি চা বাগানের ৪ হাজার ৬৬৮ জন অসচ্ছল শ্রমিককে ঈদের আগেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪০০ টাকা। জনপ্রতি ৭ হাজার ৮০০ টাকা করে এই ভাতা প্রদান করা হবে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে আয়োজিত চা-শ্রমিকদের বিশেষ ভাতা তালিকা যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এসব তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজারে এক নির্বাচনী জনসভায় চা-শ্রমিকদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বিশেষ ভাতা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল শ্রমিককে এ আওতায় আনা হবে বলেও তিনি জানান। এছাড়া চা-শ্রমিকদের অন্যান্য সমস্যার সমাধানেও সরকার আন্তরিক বলে উল্লেখ করেন তিনি।
সভায় নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিকদের পক্ষ থেকে শিক্ষা, যোগাযোগ, স্যানিটেশন, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির মতো মৌলিক সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়ে মানপত্র পাঠ করেন আদিবাসী নেতা নারায়ন কর্মী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবদীন, সিনিয়র সহসভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও চা-শ্রমিক প্রতিনিধিরা।