মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একটি বিদ্যালয়ে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার পাঁচগাঁও চাঠাতীপাড়া এলাকায় অবস্থিত শেখ কাবেল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারী অভিযোগ করেন, শুক্রবার (১৭ এপ্রিল) এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে একদল সন্ত্রাসী বিদ্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে তার ভাতিজা সাব্বির বেপারী ও রায়হান বেপারীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
তিনি দাবি করেন, বিদায় অনুষ্ঠানের ব্যানারে উপজেলা বিএনপির এক নেতার নাম ব্যবহারকে কেন্দ্র করে এ হামলার সূত্রপাত হয়। পরে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে বিদ্যালয়ে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং অনুষ্ঠানটি পণ্ড করে দেয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের আনন্দঘন একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। এতে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।”
এ সময় উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিদ্যালয়ে নিরাপত্তা জোরদার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।