মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ তৎপরতায় পৃথক তিনটি ঘটনায় সাজা, মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব অভিযানে মোট পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
থানা সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে ইমাম (২০) ও মোমিন (২০) নামের দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে, বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ নাহিদ হাসান আদনান (২৯) কে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২৭) দায়ের করা হয় এবং দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।
একই রাতে নাগরী ইউনিয়নে পৃথক আরেক অভিযানে আকলিমা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকেও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা (নং-২৯) দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, একই ইউনিয়নের মধ্য পানজোড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় মিলন মিয়া (৪৮) ও শাহআলম (৪০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ভাঙা অবস্থায় প্রায় ২০ গ্রাম (প্রায় ২০০ পিস ইয়াবার সমতুল্য) এবং আরও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হলে বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে মাদক মামলা (নং-২৮) দায়ের করে আদালতে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, “মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”