আমজাদ শিবলু , সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এসময় ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং ভেঙে ফেলার পাশাপাশি ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ নিশ্চিত করা হয়।
অভিযানে পূবালী, মেঘনা ও মদিনা ইটভাটার মালিক—ওমর ফারুক, জামাল উদ্দিন ও ফারভেজের কাছ থেকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মাটি পরিবহনে ব্যবহৃত একটি পিকআপকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজিব অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষায় সেনবাগ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের জানান , পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।