পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শহীদুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তার চাচাতো ভাই দুলাল মোল্লাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে দুলাল মোল্লা দেশীয় অস্ত্র দিয়ে শহীদুল মোল্লার পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার সময় শহীদুল মোল্লার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুলাল মোল্লাকে পালানোর সময় আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় শহীদুল মোল্লাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করেছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত দুলাল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।