মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় অভিযান চালিয়ে মঞ্জুরুল ইসলাম ওরফে হিমেল (৩০) নামের এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র (তরবারি) উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, হিমেল এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, ধামাকা ও ভয় সৃষ্টি করে আসছিল। অনেক বাসিন্দা তার ভয়ে রাতে ঘর থেকে বের হতে সাহস পেতেন না। “রাস্তায় বের হওয়া এখন নিরাপদ মনে হয়,” বললেন এক স্থানীয় বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) রাতে পদহারবাইদ এলাকার বাতেন মেমোরিয়াল স্কুল সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে কাঠের হাতলযুক্ত লোহার তৈরি প্রায় ২১ ইঞ্চি লম্বা একটি তরবারি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হিমেল পদহারবাইদ (আঠাইয়াবাড়ী) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আরিফুল ইসলাম জুয়েল এবং মাতার নাম রাবেয়া বেগম।
পুলিশ জানান, অস্ত্রটি জব্দ করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলার কার্যক্রম শুরু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরে আদালতে পাঠানো হয়েছে।