মো:আতেফ ভূইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির উর্বর উপরের মাটি কাটার দায়ে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ মার্চ) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কারখানা বাজার, কাউলতিয়া ও সদর উপজেলার পিরুজালী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকায় কৃষি জমির উর্বর উপরের মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এতে কৃষি জমির উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছিল।
দণ্ডপ্রাপ্তরা হলেন— নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিকুনিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আনোয়ার, গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার আজহারুলের ছেলে অনিক, একই এলাকার আছানের ছেলে তারেক, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে জামাল, পলাশতলী এলাকার আনিস উদ্দিনের ছেলে এমদাদুল হক এবং পিরুজালী এলাকার মো. আলীর ছেলে রিয়াজ।
ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটা বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।