মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলাে চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাত তিনটার দিকে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দুজনকে দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—গোয়ালিমান্দ্রা এলাকার বেদেপল্লীর ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) এবং মো. শহিদুলের ছেলে ছানারুল (৩০)।
স্থানীয়দের দাবি, দুই সপ্তাহ আগে একই ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত দুজন জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। ভোরে কমিউনিটি ক্লিনিকে চুরি করতে গেলে তাদের হাতেনাতে ধরা হয় বলে দাবি স্থানীয়দের।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যদের গ্রেপ্তারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।