মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় বায়ু সংকোচক যন্ত্রের বিস্ফোরণে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮.৩০ মিনিটের দিকে উপজেলা সদর বাসস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর কাদের (১৪) চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের খাগরিয়া গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুসের ছেলে। জীবিকার তাগিদে তিনি সেখানে কাজ করছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্টেশন এলাকায় নুরুল আলমের মালিকানাধীন একটি দোকানে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে কম্প্রেসার মেশিনটি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় কিশোরটি মারাত্মকভাবে আহত হয় এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।
দুর্ঘটনার পর উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রে অতিরিক্ত বায়ুচাপ জমে যাওয়া অথবা কারিগরি ত্রুটির কারণেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার জানান, পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে। তাদের উপস্থিতির পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এ ঘটনার পর স্থানীয়দের মাঝে শোক ও উদ্বেগ বিরাজ করছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ তদারকি ও তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।