বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে ফেরেন তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, শ্রদ্ধা নিবেদনকে ঘিরে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে দলীয় প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে আজ তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন। এ সময় সাভার-আশুলিয়া এলাকার প্রায় এক লাখ নেতাকর্মী উপস্থিত থাকতে পারেন বলে তিনি জানান।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের সফরকে ঘিরে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চার স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী দায়িত্ব পালন করছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে গিয়ে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।