আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর ব্যবহারের জন্য আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি জিপ গাড়ির নিবন্ধন সম্পন্ন হয়েছে।
এদিকে, তারেক রহমানের ব্যবহারের জন্য জাপান থেকে আমদানি করা সাদা রঙের সাত আসনের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের জিপ গাড়িটি গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ–এর নিবন্ধন ও ফিটনেস অনুমোদন পেয়েছে। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো–ঘ ১৬–৬৫২৮।
এটি সরাসরি বিএনপির নামে নিবন্ধিত, যার ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয়, ২৮/১ নয়াপল্টন। ২,৮০০ সিসি ক্ষমতার এই জিপটি চলতি বছর জাপানে তৈরি হলেও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং’ থেকে আমদানি করা হয়েছে। শুল্ক, ভ্যাট ও করসহ গাড়িটির মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা; ফিটনেস সনদের মেয়াদ থাকবে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।
দলীয় সূত্র আরও জানায়, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত জুন ও অক্টোবরে একটি বুলেটপ্রুফ জিপ ও একটি বুলেটপ্রুফ বাস কেনার বিশেষ অনুমতি দেয়। নেতাদের শারীরিক অবস্থা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতেই এ অনুমোদন দেওয়া হয়।
বিএনপির নেতারা বলছেন, এই বিশেষ যানবাহনগুলো নির্বাচনী প্রচারণা ও জনসভায় শীর্ষ নেতাদের নিরাপদ চলাচল এবং কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।