বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে বিদেশ থেকে আমদানি করা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি–২৫০ মডেলের একটি বিশেষায়িত ‘হার্ড জিপ’ ইতোমধ্যেই বাংলাদেশে এসেছে। গাড়িটি বিএনপির নামে নিবন্ধিত হয়েছে এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এখন ব্যবহারের উপযোগী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ–বিআরটিএ গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দেয়। এর আগে দলীয় শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা বিবেচনায় বুলেটপ্রুফ গাড়ি কেনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি অনুমতি দিয়েছিল—একটি জুনে, আরেকটি অক্টোবর মাসে।
কোথা থেকে এসেছে গাড়িটি
বিআরটিএ ও কাস্টমস সূত্র জানায়, সাদা রঙের সাত আসনের এই জিপটি চলতি বছর জাপানে তৈরি হলেও আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাতের ‘ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি’ থেকে ‘এশিয়ান ইমপোর্টস লিমিটেড’ গাড়িটি আনয়ন করে। চট্টগ্রামের ‘মা অ্যাসোসিয়েটস’-এর মাধ্যমে ১ নভেম্বর এটি দেশে পৌঁছায়।
দাম ও শুল্ক–কর
২৮০০ সিসির গাড়িটির আমদানি মূল্য বিল অব এন্ট্রিতে দেখানো হয়েছে ৩৭ হাজার মার্কিন ডলার। এনবিআর প্রতি ডলার ১২২ টাকা ৪১ পয়সা ধরে ভিত্তিমূল্য নির্ধারণ করে প্রায় ৪৫ লাখ ২৯ হাজার টাকা। কাস্টমস অ্যাসেসমেন্টে মূল্য ধরা হয় ৪১ হাজার ডলার। শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর মিলিয়ে সরকারকে দিতে হয়েছে ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা। শেষে সব খরচ মিলিয়ে গাড়িটির মোট মূল্য দাঁড়ায় ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।
রেজিস্ট্রেশন ও ফিটনেস
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের ঠিকানা ব্যবহার করে গাড়িটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র নামে নিবন্ধন করা হয়েছে। রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো–ঘ ১৬–৬৫২৮।
রেজিস্ট্রেশনের দিনই ঢাকা মেট্রো–১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার গাড়িটির ফিটনেস সনদ অনুমোদন করেন। ফিটনেসের মেয়াদ থাকবে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত, আর ট্যাক্স টোকেন এক বছরের জন্য বৈধ।
বিল অব এন্ট্রি অনুযায়ী গাড়িটির সাধারণ ওজন ২,৭৯০ কেজি এবং সর্বোচ্চ ওজন ৩,০৮৫ কেজি।
সরেজমিন অবস্থান
নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানীর তেজগাঁও–গুলশান লিংক রোডের এশিয়ান ইমপোর্টস লিমিটেডের শো-রুমে দেখা যায় গাড়িটি রাখা আছে। তবে কর্মচারীরা ছবি তুলতে বা মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হননি।
গাড়িটি বুলেটপ্রুফ কি না—এ বিষয়ে দালিলিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।