বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশের ভোটার নন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে তিনি বলেছেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করলে এবং কমিশন সিদ্ধান্ত দিলে তারেক রহমান ভোট দিতে পারবেন, এমনকি প্রার্থীও হতে পারবেন।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আখতার আহমেদ। তিনি বলেন, “আমার জানা মতে তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন করলে, এবং কমিশন চাইলে, তিনি ভোটার হতে পারবেন। সেক্ষেত্রে নির্বাচন করা বা ভোট দেওয়া—দুটোই সম্ভব।”
তারেক রহমান ভোটার হতে পারছেন না কেন—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, “এটা পুরোপুরি আইনি প্রক্রিয়ার বিষয়। ভোটার তালিকা নিবন্ধন আইনেই সব বলা আছে। কমিশন আইনের ভিত্তিতেই সিদ্ধান্ত দেবে।” তবে সুনির্দিষ্ট ধারার নাম জানতে চাইলে তিনি বলেন, “আইনের ধারা মুখস্থ নেই। আপনারা ভোটার তালিকা নিবন্ধন আইন দেখে নিলেই পাবেন।”
আইন অনুযায়ী, ভোটার হিসেবে নিবন্ধিত হতে হলে বাংলাদেশে স্থায়ী ঠিকানা থাকা, নির্দিষ্ট বয়সসীমা পূরণ করা এবং শারীরিকভাবে উপস্থিত হয়ে বায়োমেট্রিকসহ প্রয়োজনীয় তথ্য দিতে হয়। বিদেশে অবস্থান করলেও বিশেষ পরিস্থিতিতে আবেদন বিবেচনা করতে পারে নির্বাচন কমিশন।
এর আগে বিএনপির বিভিন্ন নেতারা দাবি করেছেন, দলীয় প্রধানের সংকটময় সময়ে দেশে ফেরার বিষয়ে তারেক রহমান বাধাগ্রস্ত হচ্ছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ভোটার করা হয়নি। তবে নির্বাচন কমিশন বলছে, নিয়ম মেনেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘনিয়ে আসায় তারেক রহমানের ভোটার হওয়া, সম্ভাব্য প্রার্থীতা এবং দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে। বিএনপি নেতারা বলছেন, ভোটার তালিকা ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার তার সাংবিধানিক অধিকার, যা নিশ্চিত করা উচিত।