বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। এখন সময় এসেছে সেই বিপ্লবকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার। যারা জুলাই বিপ্লবকে মানবে না, তাদের জন্য ২০২৬ সালের জাতীয় নির্বাচনে কোনো স্থান নেই বলে সতর্ক করেন তিনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে আট দল আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, “আমরা চাই জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক। উদুর পিন্ডি বুদুর ঘারে ঠেলে দেবেন না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। তাই জুলাই সনদকে যদি শ্রদ্ধা না জানান, তাহলে কিভাবে জাতীয় নির্বাচন সম্ভব?”
তিনি আরও বলেন, “মাওলানা মামুনুল হক সঠিকই বলেছেন—লড়াই করেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, লড়াই করেই আমাদের দাবি আদায় করা হবে। জনগণের বিজয় হবেই।”
আবেগপূর্ণ কণ্ঠে তিনি ঘোষণা দেন, “আমরা দাবি আদায়ে হিমালয়ের মতো অনড় থাকবো। আমরা জনগণের বিজয় নিয়েই ঘরে ফিরবো।”
জামায়াতের আমির বলেন, “দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। তাদের দাবি একটাই—জুলাই সনদের স্বীকৃতি ও গণভোটের আয়োজন। এই বিপ্লব কোনো দলের নয়, এটি জনগণের।”
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দও জানান, সরকার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল না হলে গণআন্দোলনের মাধ্যমে জনগণই নিজেদের অধিকার আদায় করবে।