বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে।” তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক থেকে একক প্রার্থীর বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রোববার (৩ নভেম্বর) রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির প্রবাসী নেতা-কর্মীদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এসময় দলের অনলাইন পেমেন্ট গেটওয়ের উদ্বোধনও করেন তারেক রহমান।
তিনি বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, তাকেই বিজয়ী করতে হবে। ধানের শীষ জিতলে বিএনপি জিতবে, গণতন্ত্র জিতবে।” তিনি সবাইকে মনে করিয়ে দেন— ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়।
তারেক রহমান আরও বলেন, “বিএনপির ভেতরে বিভক্তি সৃষ্টি করার চেষ্টায় স্বৈরাচারী শক্তি সক্রিয়। তাই কোনো বিবাদে জড়ানো যাবে না। ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি।” তিনি জানান, বিএনপি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শরিক অন্যান্য রাজনৈতিক দলগুলোর যোগ্য প্রার্থীদের নিয়েই নির্বাচনী প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
নারী নির্যাতন ও নিরাপত্তাহীনতা প্রসঙ্গে তিনি বলেন, “নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গঠন এখন সময়ের দাবি। রাষ্ট্র ও সমাজের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে।”
তারেক রহমান বিশ্বাস প্রকাশ করেন, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।