বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে নির্বাচন হলে দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে। তাই বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা চলছে। দেশে গণতন্ত্রের যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয়।
কারণ পতিত স্বৈরাচারি সরকারের মতো বর্তমানেও বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
তিনি আরও বলেন, যারা বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্তের বেড়াজালের কথা বলছেন তাদের বলবো, রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।
পিআর পদ্ধতি নিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয়। পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকলেও সেটিই রাজনৈতিক সৌন্দর্য, আর সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংকট সমাধান সম্ভব নয়।
তিনি সতর্ক করে দেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে করে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ পায়।