জামায়াতে ইসলামী জান্নাতের টিকেট বিক্রি করে না, বরং জান্নাতের পথ দেখায়—এমন মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ইসলামের শিক্ষা অর্জন ও বাস্তবায়নের জন্য জামায়াত দিকনির্দেশনামূলক ভূমিকা পালন করে।
রোববার রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল ইসলাম বুলবুল বলেন, “ইসলামবিদ্বেষীরা অপপ্রচার চালিয়ে বলে যে, জামায়াত জান্নাতের টিকেট বিক্রি করে। কিন্তু প্রকৃত সত্য হলো, জামায়াত জান্নাতের টিকেট বিক্রি করে না, বরং জান্নাতের পথে চলার শিক্ষা দেয়। ইসলামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনাই জান্নাতের পথ।”
তিনি আরও বলেন, “শপথ নেওয়া মানেই জান্নাত অর্জন নয়; বরং শপথের মর্যাদা রক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া জান্নাত লাভ সম্ভব নয়।”
দলীয় নেতা আরও বলেন, “দাঁড়িপাল্লার পক্ষে জনগণ এক নীরব বিপ্লবের মাধ্যমে পরিবর্তনের পথ তৈরি করছে। ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাই দেশের মানুষকে প্রকৃত পরিবর্তনের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ।”
তিনি বিশ্বাস প্রকাশ করেন, জনগণের চাওয়া ও জামায়াতের কর্মসূচি এক জায়গায় মিলেছে—ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। তাই জনগণ জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত ছিলেন নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও মো. শামছুর রহমান প্রমুখ।