বহুল আলোচিত আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে পদত্যাগ করেছেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে তিনি জানান, আবার জামায়াতে ইসলামীতে যোগ দেবেন।
সোলায়মান চৌধুরী লিখেছেন, “আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছি, আমি আবার জামায়াতে ইসলামীতে যোগদান করব। এখন কেবল লিখিত আনুষ্ঠানিকতা বাকি আছে।”
তিনি মনে করিয়ে দেন, ২০২০ সালের ২ মে এবি পার্টির আত্মপ্রকাশ হয়েছিল তার নেতৃত্বে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মূলনীতি সামনে রেখে দলটি গঠিত হয় এবং দেশের ৫৩টি জেলা ও ৩০০টি উপজেলায় কমিটি করা হয়।
কিন্তু সরকারি চাপের কারণে দলটি নিবন্ধন পায়নি বলে অভিযোগ করেন তিনি। ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর নিবন্ধন পাওয়া গেলেও, তার ভাষায়, এবি পার্টি ঢাকা-কেন্দ্রিক একটি দলে পরিণত হয়েছে।
তিনি অভিযোগ করেন, সংগঠন বিস্তার, তৃণমূলে জনসম্পৃক্ততা ও জনগণের অধিকার আদায়ের প্রতিশ্রুতি থেকে দলটি সরে এসেছে। ফলে অনেক জেলা নেতাই পদত্যাগ করেছেন। “আমাকে নামকা-ওয়াস্তে উপদেষ্টা রাখা হয়েছে, বাস্তবে কোনো ভূমিকা নেই”—বলেন সোলায়মান।
এই প্রেক্ষাপটে তিনি সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতে ইসলামীতে ফেরার। জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক কথা হয়েছে এবং সেখানেই তিনি আল্লাহকে সাক্ষী রেখে জামায়াতে ফেরা ঘোষণা দিয়েছেন।