বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ঘোষণা করেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা পাহারায় থাকবে, যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া সংগঠনের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আমান উল্লাহ আমান বলেন,
“আমরা চাই সব ধর্মের মানুষ শান্তিতে উৎসব পালন করুক। এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করুক। পূজার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিএনপির নেতাকর্মীরা সজাগ থাকবে।”
তিনি আরও বলেন, কেরানীগঞ্জের জন্য নিজের জীবন ও যৌবন ব্যয় করেছেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ঢাকা-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। জনগণ বিএনপিকে ভোট দিলে অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম তিনি শেষ করবেন বলে আশ্বাস দেন আমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, কেরানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভাওয়াল মাঠের মতো খেলার মাঠ গড়ে তোলা হবে, যাতে তরুণরা খেলাধুলায় মনোযোগী হয় এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দূরে থাকে। তার লক্ষ্য ঢাকা-২ আসনকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করা।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঘাটারচর ক্রীড়া চক্র ও তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে রাফাতের গোলে এগিয়ে যায় ঘাটারচর। পরবর্তীতে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে জয় পায় ঘাটারচর ক্রীড়া চক্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন জাকির। আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন ফারুকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি নাজিম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, তারানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফ উদ্দিন ফারুকী, শাক্তা ইউনিয়ন বিএনপি সভাপতি মহসিন মন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাজি মো. সাইফুল ইসলাম, জাসাস আহ্বায়ক শাফায়াত হোসেনসহ স্থানীয় নেতারা।