অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগান্তরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। বৃহস্পতিবার দুপুরে সাক্ষাৎকারটি নেন সিনিয়র রিপোর্টার তারিকুল ইসলাম।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তন এসেছে, তাতে দীর্ঘ ১৮ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাকর্মীরা নতুন উদ্দীপনা ফিরে পেয়েছেন। মির্জা ফখরুল দৃঢ় কণ্ঠে বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।
প্রশ্ন ছিল—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হবে কি না? উত্তরে তিনি বলেন,
“কোনো শঙ্কা দেখি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।”
জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।”
তারেক রহমান কবে দেশে ফিরবেন—এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন,
“আশা করি তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন।”
খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল দ্ব্যর্থহীনভাবে বলেন, “অবশ্যই।”