আগামী জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জয়জয়কার’ হবে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়ে তিনি বলেন, “সেখান থেকেই ঘোষণা হবে নতুন বাংলাদেশের ইশতেহার।”
বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত এনসিপি কর্মী-সমর্থকদের নিয়ে একটি ‘জুলাই পদযাত্রা’ বের হয়, যা জেলখানা মোড় থেকে শুরু হয়ে শহরের কোর্ট রোড, সদর রোড হয়ে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “গত এক বছরে আমাদের ওপর নানাভাবে ষড়যন্ত্র হয়েছে। নতুন সংবিধান প্রতিষ্ঠা, বিচারব্যবস্থার সংস্কার এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অপসারণে বাধা দেয়া হয়েছে। কিন্তু আমরা কোনোদিন পিছু হটি না। আমরা জনগণের পক্ষে, জনগণের জন্য লড়াই করছি, এবং করতেই থাকব।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের যে দুইজন ছাত্র প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন, তারা নাগরিক পার্টির কেউ নন। এখন তাদের অপসারণের পাঁয়তারা চলছে। আমরা সতর্ক আছি, এবং এ ধরনের ষড়যন্ত্রের মোকাবেলায় প্রস্তুত।”
আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “দেশে সন্ত্রাস, ভূমিদস্যুতা, চাঁদাবাজি এখন নৈমিত্তিক ঘটনা। এর বিরুদ্ধে জনগণ আজ জেগে উঠেছে। গত পাঁচ মাসে মানুষ যে সাড়া দিয়েছে, তাতে আমি নিশ্চিত আগামী সংসদে এনসিপির অবস্থান হবে অত্যন্ত শক্তিশালী।”
এর আগে নরসিংদী ক্লাবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ২২ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। সভায় সভাপতিত্ব করেন জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, সঞ্চালনায় ছিলেন মুখ্য সংগঠক সারজিস আলম। বক্তৃতা দেন কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী।
নরসিংদী থেকে এই সমাবেশের মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক রূপরেখা স্পষ্ট করেছে—তারা শুধু ক্ষমতার রাজনীতি নয়, বরং একটি নতুন রাষ্ট্র কাঠামোর জন্য আন্দোলনে মাঠে আছে। ৩ আগস্টের শহীদ মিনার সমাবেশ তাই হতে যাচ্ছে তাদের সেই ঘোষণার কেন্দ্রবিন্দু।