জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। একই দিনে একই স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশ করতে চাওয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে আগে আবেদন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদলকে অনুমতি দিয়েছে, আর এনসিপি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানিয়েছেন,
“এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।” এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, “আমাদের পক্ষ থেকে বিএনপির সঙ্গে কথাবার্তা হয়েছে। জায়গা ম্যানেজ হয়েছে কিনা জানি না। আমরা শহীদ মিনারে সারাদেশের লোক নিয়ে সমাবেশ করব। ৬৪ জেলার ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষ হবে এই সমাবেশের মাধ্যমে।”
গত ৩০ জুন রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ছাত্রদল জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে। অন্যদিকে ২৯ জুন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ বলেন,
“ছাত্রদল আগে আবেদন করায় অনুমতি দেওয়া হয়েছে। হাসনাত আমাকে বলেছেন, তিনি ছাত্রদল সভাপতির সাথে কথা বলবেন। যদি তারা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে পৌঁছাতে পারে সেটা সবার জন্য ভালো হবে।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান,
“এনসিপির পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ হয়েছে। মঙ্গলবার রাতে আমাদের একটি মিটিং রয়েছে। জায়গা ছাড়ার বিষয়ে বুধবার সংবাদ সম্মেলনে জানানো হবে।”