গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (অনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে করার দাবি জানানো হয়েছে। তিনি বলেন, এই পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের অংশীদারিত্ব নিশ্চিত হবে এবং অতীতের মতো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে সাহস পাবে না।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টায় চকরিয়া শহরের জনতা টাওয়ার চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন আগে সম্পন্ন করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। তিনি বলেন, “বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ চকরিয়ার কৃতী সন্তান। শেখ হাসিনা সরকার তাকে গুম করেছিল, কিন্তু জনগণের দোয়া ও ভালোবাসায় তিনি আবারও জনগণের মাঝে ফিরে এসেছেন।”
পথসভায় ২৪ এর গণঅভ্যুত্থানের সময় চকরিয়ার শহীদদের স্মরণ করে নুর বলেন, “তাদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এবং স্বৈরাচারী সরকারকে পালাতে বাধ্য করেছি। তাই সংস্কার কার্যক্রম সম্পন্ন না করে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়।”
তিনি জানান, গণঅধিকার পরিষদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলের পক্ষ থেকে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদের (প্রাইম)।
পথসভায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়কারী আবু জাহের ও কক্সবাজার জেলা আহ্বায়ক হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নুরুল হক নুরের এই আহ্বান যথাযথ সংবিধান অনুসারে সুষ্ঠু নির্বাচনের প্রতি জনগণের আস্থা জোরদার করবে বলে মনে করা হচ্ছে।